লাইট ১৯ নভেম্বর, ২০২৬

নবাবপুর রোডের কোনো দোকানে লাইটের সারির সামনে দাঁড়িয়ে, কিংবা গভীর রাতে কোনো অনলাইন প্ল্যাটফর্ম স্ক্রল করতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়বে: একই ওয়াটের, প্রায় একই দামের দুটি LED বাল্ব জ্বালানোর পর দেখতে সম্পূর্ণ আলাদা লাগে। একটি ঘর ভরিয়ে দেয় আরামদায়ক সোনালি আভায়, অন্যটি ছড়ায় ঝকঝকে নীলচে-সাদা আলো, যা অনেকটা ক্লিনিকের মতো মনে হয়।
বাংলাদেশের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ওয়ার্ম হোয়াইট নাকি কুল হোয়াইট এলইডি, এই প্রশ্নের মীমাংসা করবে এই গাইড। এখানে জানবেন কালার টেম্পারেচার আসলে কী, কোন ঘরে কোন ধরনের আলো সবচেয়ে মানানসই, দুই ধরনের আলো চোখ ও ঘুমের ওপর কী প্রভাব ফেলে, আর ভালো মানের বাল্বের দাম বাজারে এখন কত টাকা। পড়া শেষে আপনি একটি টাকাও খরচ করার আগে ঠিক জেনে যাবেন, কোন ঘরের জন্য কোন বাল্বটি কিনতে হবে।
প্রতিটি সাদা আলোর একটি কালার টেম্পারেচার থাকে, যা মাপা হয় কেলভিন (K) এককে। এটি আলোর রঙের আভা বোঝায়, তাপ নয়। সংখ্যা যত কম, আলো তত নরম দেখায়: মোমবাতির শিখা মোটামুটি ১,৮০০ কেলভিন থেকে ২,২০০ কেলভিন, যা হলদে-কমলা আভায় জ্বলে। এ সংখ্যাটা যত বড়, আলো তত শীতল দেখায়: যেমন দুপুরের মেঘলা আকাশ প্রায় ৬,৫০০ কেলভিন, ঝকঝকে নীলচে-সাদা। এই দুইয়ের মাঝখানে আছে ৩,৫০০ কেলভিন থেকে ৪,৫০০ কেলভিন এর নিউট্রাল জোন, যাকে বেশিরভাগ মানুষ একটি পরিষ্কার এবং সাধারণ সাদা রঙ হিসেবে দেখেন।
বাংলাদেশের ক্রেতাদের জন্য ফাঁদটা এখানেই: ব্র্যান্ডের লেবেলগুলো বিভিন্ন রকম তথ্য দেয়। “Daylight” লেখা এক প্যাকেটে থাকতে পারে ৬,৫০০ কেলভিন এর বাল্ব, আরেক ব্র্যান্ড একই কথা ব্যবহার করে ৫,০০০ কেলভিন এর জন্য, আবার “Cool White” লেখা কিছু প্যাকেটে আসলে থাকে ৪,০০০ কেলভিন। তাই বাক্সের গায়ে যত কেলভিন প্রিন্ট করা আছে, তার উপর ভরসা করাই হচ্ছে একমাত্র উপায়।
সহজ হিসাবটা এমন: ২,৭০০ কেলভিন থেকে ৩,০০০ কেলভিন হলো ওয়ার্ম হোয়াইট, ৩,৫০০ কেলভিন থেকে ৪,৫০০ কেলভিন নিউট্রাল হোয়াইট, আর ৫,০০০ কেলভিন থেকে ৬,৫০০ কেলভিন কুল হোয়াইট বা ডেলাইট।
ওয়ার্ম হোয়াইট হলো পুরোনো ফিলামেন্ট বাল্বের উত্তরসূরি। অর্থাৎ এতে থাকে নরম হলদে আভা, যে আলোয় বাংলাদেশের বেশিরভাগ পরিবার ছোটবেলা থেকে বড় হয়েছে। এই আলো ঘরে আনে আরামদায়ক, আপন আর শান্ত একটা অনুভূতি। এতে গায়ের রং আরও ন্যাচারাল দেখায়, কাঠের আসবাব আর টেরাকোটার মেঝে দেখতে আরও সুন্দর লাগে, আর সূর্যাস্তের পর এই আলো চোখের জন্য আরামদায়ক থাকে।
তাই যেখানে মানুষ বিশ্রাম নেয় বা একসঙ্গে আড্ডা দিতে বসে, সেখানেই এটি সঠিক পছন্দ। যেমন বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং স্পেস, হোটেল রুম, রেস্টুরেন্ট, ক্যাফে এবং নামাজের ঘর। তবে এর দুর্বলতা হলো রঙে নির্ভুলতার ঘাটতি ও এর কনট্রাস্ট। তাই ২,৭০০ কেলভিন আলোয় ছোট অক্ষরের লেখা কিছুটা ঝাপসা লাগে, আর যেসব কাজে আসল রং দেখাটা জরুরি, যেমন কাপড়ের রং মেলানো বা ওয়্যারিং ডায়াগ্রাম পড়া, সেগুলো কঠিন হয়ে যায়। মোটকথা ওয়ার্ম হোয়াইট লাইট আপনার চোখের জন্য আরামদায়ক, কিন্তু এটি আপনাকে চারিদিক ঝকঝকে পরিষ্কার দেখার কোন সুবিধা দেয় না।
কুল হোয়াইট এলইডি (যা বাংলাদেশে প্রায়ই Daylight নামে বিক্রি হয়) হলো স্পষ্ট নীলচে আভাযুক্ত ঝকঝকে সাদা আলো। একই ওয়াটে এটি ওয়ার্ম হোয়াইটের চেয়ে বেশি উজ্জ্বল মনে হয়, কারণ নীলসমৃদ্ধ আলো চোখে বেশি তীব্র হিসেবে অনুভূত হয়। এটা হুবহু ভরদুপুরের দিনের আলোর মত, আর সেটাই আপনার চোখকে আরও বেশী একটিভ রাখে। আপনার মনোযোগ এবং এনার্জি দুটোর উপরেই এই আলো বেশ ভাল প্রভাব রাখে।
ঠিক এ কারণেই কাজের জায়গা ও বাণিজ্যিক স্পেসের জন্য এটি আদর্শ যেমন রান্নাঘর, বাথরুম, পড়ার ঘর, অফিস, দোকানের কাউন্টার, গার্মেন্টস ফ্লোর, ক্লিনিক, গ্যারেজ, সিঁড়ি এবং বাইরের সিকিউরিটি লাইট। তবে বাসার ভেতরে একই ফিচার আবার অসুবিধা হয়ে দাঁড়ায়। ৬,৫০০ কেলভিন আলোয় বেডরুমকে হাসপাতালের ওয়ার্ডের মতো লাগে, রাতের খাবার আর ততটা লোভনীয় দেখায় না। মোটকথা কুল হোয়াইট চোখকে সজাগ রাখার হাতিয়ার, বিশ্রামের নয়।
বৈশিষ্ট্য | ওয়ার্ম হোয়াইট | কুল হোয়াইট |
কালার টেম্পারেচার | ২,৭০০ কেলভিন থেকে ৩,০০০ কেলভিন | ৫,০০০ কেলভিন থেকে ৬,৫০০ কেলভিন |
আলোর চেহারা | নরম হলদে আভা, পুরোনো ফিলামেন্ট বাল্বের মতো | নীলচে আভাযুক্ত ঝকঝকে সাদা, দুপুরের দিনের আলোর মতো |
যে আবহ তৈরি করে | আরামদায়ক, শান্ত ও স্বস্তিদায়ক | সজাগ, মনোযোগী ও প্রাণবন্ত |
চোখে উজ্জ্বলতা | তুলনামূলক নরম ও কম উজ্জ্বল দেখায় | একই ওয়াটে বেশি উজ্জ্বল দেখায় |
নীল আলোর পরিমাণ | কম | বেশি |
রাতে প্রভাব | কোমল, স্বাভাবিক ঘুমে সহায়ক | মেলাটোনিন কমিয়ে ঘুম পিছিয়ে দিতে পারে |
রং ফুটিয়ে তোলা | কাঠ, কাপড় ও ত্বকের রং সুন্দর দেখায় | রং দিনের আলোর কাছাকাছি নির্ভুল দেখায় |
সবচেয়ে উপযোগী | বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং, রেস্টুরেন্ট, নামাজের ঘর | রান্নাঘর, বাথরুম, পড়ার ঘর, অফিস, দোকান, ক্লিনিক |
বাংলাদেশে প্রচলিত লেবেল | Warm White বা Soft White | Daylight বা Cool White |
একই ওয়াট, একই বিল: কালার টেম্পারেচার বদলায় আলোর চেহারা, বিদ্যুৎ খরচ নয়।
একটি বিষয় আবারও পরিষ্কার করা দরকার: ওয়ার্ম হোয়াইট থেকে কুল হোয়াইটে গেলে বা উল্টোটা করলে আপনার বিদ্যুৎ বিলে কোন পরিবর্তন আসে না। কালার টেম্পারেচার শুধু আলোর চেহারার বিষয়, আর বিদ্যুৎ খরচ নির্ভর করে ওয়াটের ওপর। একটি ৯ ওয়াটের ওয়ার্ম হোয়াইট বাল্ব এবং একটি ৯ ওয়াটের কুল হোয়াইট বাল্ব হুবহু একই পরিমাণ বিদ্যুৎ টানে এবং প্রায় সমান লুমেন দেয়। পার্থক্য শুধু চোখের দেখায়।
কোনো রংই নিজে থেকে চোখের ক্ষতি করে না, ক্ষতি করে নিম্নমানের আলো। চোখে চাপ পড়ে ফ্লিকার, গ্লেয়ার এবং দুর্বল ড্রাইভারের কারণে, যা সবচেয়ে সস্তা নামহীন বাল্বগুলোতে খুবই কমন। তাই এমন লাইট বেছে নিন যার কালার রেন্ডারিং ইনডেক্স (CRI) ৮০ বা তার বেশি এবং এর ড্রাইভার সার্কিট ভাল ও ফ্লিকারমুক্ত।
আসল পার্থক্য বোঝা যায় রাতে। কুল হোয়াইট ও ডেলাইট বাল্বে নীলসমৃদ্ধ আলো থাকে প্রচুর পরিমাণে, আর এই আলো মেলাটোনিন কমিয়ে দেয়। মেলাটোনিন হলো সেই হরমোন, যা শরীরকে জানায় ঘুমের সময় হয়েছে। আলো ও ঘুম নিয়ে গবেষণার পর্যালোচনায় স্লিপ ফাউন্ডেশন এই বিষয়টিই তুলে ধরেছে। এ কারণেই ডেলাইট আলো দেয়া এলইডি বাল্ব জ্বালানো বেডরুমে ঘুম আসতে দেরি হয়, আর ৬,৫০০ কেলভিনওয়ালা ল্যাম্পের নিচে রাত জেগে পড়লে অস্থির লাগতে পারে।
ঘর | প্রস্তাবিত লাইটিং | কারণ |
বেডরুম | ওয়ার্ম হোয়াইট, ২,৭০০ কেলভিন থেকে ৩,০০০ কেলভিন | আরাম ও ভালো ঘুম, সন্ধ্যার পর মৃদু নীল আলো |
ড্রয়িং রুম | ওয়ার্ম থেকে নিউট্রাল, ৩,০০০ কেলভিন থেকে ৪,০০০ কেলভিন | গেস্ট/লিভিং রুমের জন্যে ভাল, আবার আড্ডার জন্য যথেষ্ট উপযোগী |
ডাইনিং এরিয়া | ওয়ার্ম হোয়াইট, ২,৭০০ কেলভিন থেকে ৩,০০০ কেলভিন | খাবার লোভনীয় দেখায়, খাওয়ার সময়টা স্বস্তির হয় |
রান্নাঘর | কুল হোয়াইট, ৪,০০০ কেলভিন থেকে ৫,০০০ কেলভিন | পরিচ্ছন্ন আলো, কাটাকুটি ও রান্না স্পষ্ট দেখা যায় |
বাথরুম ও আয়না | কুল হোয়াইট, ৫,০০০ কেলভিন থেকে ৬,০০০ কেলভিন | দিনের আলোর সবচেয়ে কাছাকাছি পর্যায়ের আলো। সাজগোজ ও শেভিংয়ের জন্য উপযোগী |
পড়ার ঘর | নিউট্রাল থেকে কুল, ৪,০০০ কেলভিন থেকে ৫,০০০ কেলভিন | পড়ার জন্য স্পষ্ট আলো, রাত ৯টার পর ওয়ার্ম আলো ব্যবহার করা ভাল। |
শিশুদের ঘর | নিউট্রাল, ৩,৫০০ কেলভিন থেকে ৪,০০০ কেলভিন | একটি বাল্বেই খেলা ও হোমওয়ার্ক, দুটোই চলে |
সিঁড়ি ও গ্যারেজ | কুল হোয়াইট, ৫,০০০ কেলভিন থেকে ৬,৫০০ কেলভিন | সর্বোচ্চ দৃশ্যমানতা এবং চলাফেরায় নিরাপত্তা |
বারান্দা ও বাইরের অংশ | কুল হোয়াইট, ৫,০০০ কেলভিন থেকে ৬,৫০০ কেলভিন | সিকিউরিটি লাইটিং, যা রাস্তা থেকে সবচেয়ে উজ্জ্বল দেখায় |
কোনো ঘর যদি দুটি বিপরীত কাজে ব্যবহৃত হয়, যেমন পড়ার ঘরটিই যদি বেডরুম হয়, তাহলে CCT-সিলেক্টেবল বাল্বের কথা ভাবতে পারেন। এই বাতিগুলো দেয়ালের সুইচ দিয়েই মোটামুটি ৩,০০০ কেলভিন, ৪,৫০০ কেলভিন ও ৬,৫০০ কেলভিন এর মধ্যে বদলানো যায়, আর বেশিরভাগ দেশি ব্র্যান্ডে এর দাম নির্দিষ্ট রঙের বাল্বের চেয়ে সামান্যই বেশি। নতুন করে কোনো ওয়্যারিং ছাড়াই এগুলো এক ঘরে দুই রকম আবহের সমস্যার সমাধান করে।
বাণিজ্যিক স্পেসে উত্তরটা কুলের দিকেই ঝোঁকে। দোকানের কাউন্টার, শোরুম এবং গার্মেন্টসের ইন্সপেকশন লাইনে দরকার সঠিক রঙ ও দীর্ঘ সময়ের একাগ্র মনোযোগ। উচ্চ CRI সহ ৪,০০০ কেলভিন থেকে ৫,০০০ কেলভিন আলোয় কাপড়ের রং ঠিকঠাক দেখায় এবং মানের ত্রুটি চোখে পড়তে সাহায্য করে। যেসব কাপড় ও গয়নার শোরুম পুরোনো টিউব লাইট বদলে উচ্চ CRI এর LED লাগিয়েছে, তারা প্রায়ই দেখে যে পণ্যগুলো আগের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে, যার মূল্য একটি বাল্বের দামের চেয়ে ঢের বেশি।
অফিসের জন্য সবচেয়ে মানানসই ৪,০০০ কেলভিন নিউট্রাল হোয়াইট। রেস্টুরেন্ট, ক্যাফে ও হোটেল লবিতে ২,৭০০ কেলভিন থেকে ৩,০০০ কেলভিন এর ওয়ার্ম আলোই রাখা উচিত, কারণ ওয়ার্ম আলোয় খাবার আকর্ষণীয় দেখায় এবং অতিথিরা বেশি সময় বসতে স্বচ্ছন্দ বোধ করেন। ক্লিনিক ও ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার জায়গায় কুল হোয়াইট ব্যবহার হয়। অন্যদিকে অনেক মসজিদ মূল নামাজের স্থানে ওয়ার্ম আলো এবং ওজুখানা ও লাইব্রেরিতে তুলনামূলক কুল আলো বেছে নেয়। সব ক্ষেত্রেই মনে রাখুন, বিদ্যুৎ খরচ কখনো রঙ এর কারনে বদলায় না, বদলায় ওয়াটের কারণে।
বাংলাদেশে বিদ্যুতের নির্ধারিত সরবরাহ ২২০V, কিন্তু বাস্তবে এলাকা ও মৌসুমভেদে ভোল্টেজ অনেক ওঠানামা করে, আর এর প্রথম শিকার হয় সাধারণত সস্তা বাল্বগুলো। তাই এমন বাতি বেছে নিন যা ওয়াইড ইনপুট রেঞ্জে চলে, সাধারণত ১৫০V থেকে ২৫০V, অথবা যেগুলো সার্জ প্রোটেক্টেড বা AC-DC ফিরচারসহ বাজারজাত করা হয়। শুরুতে কিছু টাকা বেশি খরচ করাটা কয়েক মাস পরপর নষ্ট বাল্ব বদলানোর চেয়ে সাশ্রয়ী।
উজ্জ্বলতা বিচার করুন লুমেন দিয়ে, ওয়াট দিয়ে নয়। একটি ভালো এলইডি লাইড প্রতি ওয়াটে ৮০ থেকে ১০০ লুমেন দেয়। সে হিসাবে ৯ ওয়াটের একটি বাল্ব থেকে পাওয়া উচিত প্রায় ৮০০ লুমেন, যা পুরোনো ৬০ ওয়াটের ফিলামেন্ট বাল্বের কাছাকাছি। কোনো প্যাকেটে যদি বড় বড় ওয়াট-সমতুল্য সংখ্যার বিজ্ঞাপন থাকে অথচ লুমেনের তথ্য লুকানো থাকে, তবে ধরে নিন ভেতরের চিপ নিয়ে সতর্ক হওয়ার সময় এসেছে।
বাল্ব মডেল | বর্তমান দাম | মন্তব্য |
৯৫০ টাকা | যেসব এলাকায় ঘন ঘন লোডশেডিং হয়, সেখানকার জন্য দারুণ। |
|
২৯০ টাকা | বাজেট ফ্রেন্ডলি অপশন, যেখানে বাড়তি এনার্জি এফিশিয়েন্সি বা স্মার্ট ফিচারের তেমন প্রয়োজন নেই। |
|
৪২৫ টাকা | যেখানে ওয়াইড বিম অ্যাঙ্গেলসহ উজ্জ্বল আলো দরকার, সেখানকার জন্য দারুণ। |
|
৭৫৫ টাকা | বেশি ওয়াট অথচ কম বিদ্যুৎ খরচের প্রিমিয়াম অপশন। |
পুরো বাসায় এক রঙের আলো লাগানো: পুরো বাসা ওয়ার্ম হলে রান্নাঘর ম্লান লাগে, আবার পুরো বাসা কুল হলে কেউ কখনো আরাম পায় না। তাই প্রতিটি ঘরের সঙ্গে মিলিয়ে টেম্পারেচার বেছে নিন।
কুল হোয়াইট মানেই বেশি আলো ভাবা: উজ্জ্বলতা মাপা হয় লুমেনে এবং তা নির্ধারিত হয় ওয়াট দিয়ে। রং শুধু বদলায় আলোটা কেমন অনুভূত হবে।
CRI ও ফ্লিকার না দেখে সবচেয়ে কম দামের পেছনে ছোটা: যে বাল্ব ২০ টাকা কম দামে পাওয়া যায় কিন্তু সারা সন্ধ্যা ফ্লিকার করে, তার মাশুল আপনার চোখকে অনেক বেশি দিতে হয়।
বেডরুমে ৬,৫০০ কেলভিন ডেলাইট বাল্ব লাগানো: এরপর সবাই অবাক হয়, পরিবারের সবার ঘুম কেন ভালো হচ্ছে না আর সকালে কেন ক্লান্ত লাগছে।
একই দৃষ্টিসীমায় খুব ভিন্ন টেম্পারেচারের আলো মেশানো: ৬,৫০০ কেলভিন টেবিল ল্যাম্পের পাশে ৩,০০০ কেলভিন সিলিং লাইট থাকলে ঘরটা জোড়াতালি দেওয়া মনে হয়।
চোখের আরামের জন্য রঙের চেয়ে মান বেশি গুরুত্বপূর্ণ। CRI ৮০ বা তার বেশি এবং ফ্লিকারমুক্ত বাল্ব যেকোনো টেম্পারেচারেই চোখের জন্য কোমল। সাধারণভাবে দিনের কাজে কুল হোয়াইট মানানসই, আর সন্ধ্যায় ওয়ার্ম হোয়াইট চোখের জন্য আরামদায়ক। রাতে বই পড়লে বা স্ক্রিন ব্যবহার করলে ওয়ার্ম বা নিউট্রাল আলোই ভালো অপশন।
একই ওয়াটে দুটোই প্রায় সমান লুমেন দেয়, তবে কুল হোয়াইট বেশি উজ্জ্বল দেখায়, কারণ নীলসমৃদ্ধ আলোকে চোখ বেশি তীব্র হিসেবে অনুভব করে। সত্যিই বেশি আলো দরকার হলে রং না বদলে বেশি ওয়াটের বাল্ব কিনুন অথবা প্যাকেটে কত লুমেন লিখা আছে তা দেখে নিন।
ডেলাইট বাল্ব দুপুরের সূর্যের আলোর অনুকরণ করে এবং যেখানে নির্ভুলতা ও সজাগ মনোযোগ জরুরি, সেখানেই এর জায়গা: বাথরুম, রান্নাঘর, সকালের পড়ার ল্যাম্প, অফিস, শোরুম, ক্লিনিক, গ্যারেজ এবং বাইরের সিকিউরিটি লাইট। বেডরুম ও ডাইনিং স্পেসে এগুলো মানায় না, কারণ সেখানে এর নীলচে ভাবটা হাসপাতালের মতো লাগে।
ওয়ার্ম হোয়াইট, আর ঘুমানোর আগের শেষ এক ঘণ্টায় ২,৭০০ কেলভিন বা তার কম হলে সবচেয়ে ভালো। নীলাভ আলো মেলাটোনিন কমিয়ে ঘুম আসাকে পিছিয়ে দেয়, অন্যদিকে হলদে আভার ওয়ার্ম আলো শরীরকে স্বাভাবিকভাবে শিথিল হতে দেয়। ভাল ফল পেতে ঘুমের সময় ঘনিয়ে এলে আলো কমিয়ে দিন।
কোনোটিরই নয়, কালার টেম্পারেচার দামে প্রায় কোনো প্রভাব ফেলে না। দামের পার্থক্য হয় ওয়াট, ব্র্যান্ড, ওয়ারেন্টি এবং রিচার্জেবল ব্যাকআপ বা CCT সুইচিংয়ের মতো ফিচারের কারণে।
ওয়ার্ম হোয়াইট বনাম কুল হোয়াইটের বিতর্কে কোনো একক বিজয়ী নেই, এটি আসলে মিলিয়ে নেওয়ার বিষয়। যে ওয়ার্ম আলো আপনার বেডরুমে মানায়, তা বাথরুম বা রান্নাঘরের জন্য সঠিক পছন্দ নাও হতে পারে। অন্যদিকে রান্নাঘরে সবকিছু স্পষ্ট দেখা জরুরি, তাই সেখানে কুল হোয়াইট আলো দারুণ একটি অপশন হতে পারে। এ কারণেই দামকে প্রথম অগ্রাধিকার দেওয়া ঠিক নয়। আগে ঠিক করুন আপনার জায়গাটির জন্য কোন ধরনের আলো দরকার। তারপর কাছের রিটেইল শপে গিয়ে একাধিক মডেল দেখুন। বিক্রয়োত্তর সেবা ও ওয়ারেন্টির মেয়াদের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাচাই করে নিন। টাকা খরচের আগে এই ধারাবাহিকতা মাথায় রাখলে সহজেই এমন একটি মানসম্মত এলইডি বাল্ব খুঁজে পাবেন, যা আপনার জায়গার সঙ্গে মানানসই এবং আপনার বিনিয়োগকেও সুরক্ষিত রাখে।